ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে তিনজন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। দু'একদিনের মধ্যে তাঁদের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হবে।
মেধাতালিকার ক্রমানুসারে নির্বাচিত তিন প্রার্থী হলেন- (১) ইডটকো বাংলাদেশ লিমিটেডের পরিচালক (প্রকৌশল) সাব্বির উদ্দিন আহমেদ, (২) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সাবেক নির্বাহী পরিচালক অপারেশন (অতিরিক্ত দায়িত্ব) মো. শরিফুল ইসলাম ও (৩) পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান প্রকৌশলী বি এম মিজানুল হাসান।
ডিপিডিসির এমডি নিয়োগ কমিটির সূত্র বাংলাস্কুপকে এই তথ্য নিশ্চিত করেছে।
এমডি নিয়োগ কমিটির সূত্রে জানা যায়, ১২জন ভাইভা কার্ডপ্রাপ্তদের মধ্য থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে ডিপিডিসির প্রধান কার্যালয়ে ১০জন উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় ছয়জন উত্তীর্ণ হন।
তাঁরা হলেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলাম, ডেসকোর মো. শরিফুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশের বি এম মিজানুল হাসান, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রধান ক্রয় কর্মকর্তা (সিপিও) মো. জিয়াউর রহমান, ডিপিডিসির জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হাসানাত চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের সাব্বির উদ্দিন আহমেদ।
এই ছয়জনের মধ্যে ডিপিডিসির কিউ এম শফিকুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রেজেন্টেশন ও ভাইভা পরীক্ষায় অংশ নেননি। বাকি পাঁচজনের মধ্য থেকেই তিনজনের নাম মেধা অনুযায়ী চূড়ান্ত করা হয়।
ডিপিডিসি সূত্রে জানা যায়, আগামী দুই-একদিনের মধ্যেই ডিপিডিসির নিয়োগ কমিটির ফলাফল বোর্ডের সুপারিশ নিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগে পাঠানো হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির এই তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে একজনের নিয়োগ চূড়ান্ত করবেন।
ডিপিডিসির এমডি নিয়োগ কমিটির এক সূত্র জানায়, পরীক্ষাটি নেয়া হয়েছে নামকাওয়াস্তে। রাজধানীর এই বড় বিদ্যুৎ বিতরণী কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক একটি গুরুত্বপূর্ণ পদ। সূত্রের দাবি, এই পদে একজন 'বিশেষ ব্যক্তিকে' নিয়োগের জন্য আগেই মৌখিক সুপারিশ করা হয়েছিল। ওই প্রার্থীই নিয়োগ পেতে যাচ্ছেন।
এসব বিষয়ে জানতে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অ্যাডমিন ও এইচ আর) ও নিয়োগ কমিটির সদস্য সচিব সোনা মনি চাকমাকে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সংযোগ কেটে দেন।
ডিপিডিসির সাধারণ প্রকৌশলীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ডিস্ট্রিবিউশন কাজে অভিজ্ঞতা নেই এমন লোকও এমডি পদের জন্য আবেদন করেছেন। শুনেছি, তাদের মধ্য থেকেই একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রকৌশলীরা বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মানদণ্ড সংশোধন না হওয়ায় আমাদের অনেক যোগ্য প্রকৌশলী আবেদনই করতে পারেননি। চাকরিজীবনের পুরোটা সময় মেধা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তবে তাঁরা কী পেলেন?
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
বিদ্যমান মানদণ্ডেই এমডি নিয়োগ!
এমডি নিয়োগের সার্কুলার ঘিরে ডিপিডিসিতে ক্ষোভ
ঝুলে আছে এমডি নিয়োগের মানদণ্ড সংশোধনী!
শীঘ্রই এমডি পদে নিয়োগের মানদণ্ডে সংশোধনী : বিদ্যুৎ উপদেষ্টা
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব দেবেন প্রকৌশলীরাই