ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকর্মীর মৃত্যু

অমিত-রাহুল সিন্ডিকেটকে বাঁচাতে তৎপর প্রভাবশালীরা!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৫:৩৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৫:৩৯:৪২ অপরাহ্ন
অমিত-রাহুল সিন্ডিকেটকে বাঁচাতে তৎপর প্রভাবশালীরা! অমিত অধিকারী ও মো. রাহুলের ফাইল ছবি। গ্রাফিক্স : বাংলা স্কুপ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মী নিহতের ঘটনা ধামাচাপা দিতে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। দুর্ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও দায়িত্বে থাকা দুই প্রকৌশলীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হলেও তদন্তকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য প্রকৌশলীরা। তবে পুরো পরিস্থিতির উপর নজরদারি রয়েছে বিদ্যুৎ বিভাগের।

বুধবার (২৬ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাউথের আওতাধীন নারায়ণগঞ্জ ডাইরেক্ট ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইনে (ফিডার) কাজ করার সময় নিহত হন মো. নজরুল ইসলাম (৫৫)। আহত হন আরো দুজন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ওই দিন বিকেলে ডিপিডিসি সাউথের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। পরে রাতে ডিপিডিসির প্রধান কার্যালয় থেকে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

এদিকে,  ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ ডিভিশনে প্রকৌশলীদের সঙ্গে বৈঠকও করেন। এ বিষয়ে বাংলা স্কুপকে তিনি বলেন, প্রধান কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

কিউ এম শফিকুল ইসলাম আরো বলেন, দুর্ঘটনার চার ঘন্টা পর আমাকে খবর জানানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধান প্রকৌশলীও আমাকে খবরটি তাৎক্ষণিক জানাননি। এতে তাঁরা চাকরি বিধিমালা লঙ্ঘন করেছেন। অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, কে দায়ী, কার অবহেলা ছিল- সবই তদন্তে বেরিয়ে আসবে।

এদিকে, দুর্ঘটনার পর মাঠপর্যায়ের দায়িত্বে থাকা প্রকৌশলীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনা ঘটার অনেক পর স্থানীয় বিদ্যুৎ অফিস থেকে প্রকৌশলীরা আসেন। এর আগেও এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আরেকজন বিদ্যুৎকর্মী মারা গিয়েছিলেন।

সূত্র বলছে, দুর্ঘটনার পর সিদ্ধিরগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও  ফিডার ইনচার্জ সহকারী প্রকৌশলী মো. রাহুল বিষয়টি চেপে যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। অগত্যা দুর্ঘটনার চার ঘন্টারও বেশি সময় পর তারা প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালককে (অপারেশন) জানাতে বাধ্য হন।

সাউথ বেল্টের দুই নির্বাহী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অমিত অধিকারী ও মো. রাহুলের সঙ্গে প্রধান কার্যালয়ের এক নির্বাহী পরিচালক ও এক প্রধান প্রকৌশলীর বিশেষ সখ্য রয়েছে। দুর্ঘটনার সংবাদ তাৎক্ষণিক প্রধান কার্যালয়ে কেন জানানো হয়নি, এ কারণে গতকালই তাঁদের সাময়িক বরখাস্ত করা উচিত ছিল। দুর্ঘটনা কেন ঘটেছে, কে দায়ী আর কে দায়ী না- এটি তদন্ত করে বের করতেও তো সময় লাগবে। কিন্তু বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে স্বপদে বহাল রেখে তদন্ত করা হলে তদন্তকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 

ডিপিডিসির এক প্রধান প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করে বলেন, সিদ্ধিরগঞ্জ ডিভিশনের অমিত-রাহুল সিন্ডিকেটের বিভিন্ন চমকপ্রদ তথ্য আমরা প্রতিনিয়ত শুনে আসছি। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এগুলো সংস্থার প্রধানও অবগত আছেন। কার স্বার্থে দুর্নীতিপরায়ণ এই দুুুুুুুুুুুুুুুুই প্রকৌশলীকে সিদ্ধিরগঞ্জের মত গুরুত্বপূর্ণ ডিভিশনে এখনও রাখা হয়েছে, এই প্রশ্ন প্রকৌশলী সমাজে জোরালোভাবে উঠেছে।

সিদ্ধিরগঞ্জ ডিভিশন সূত্র জানায়, নির্বাহী প্রকৌশলী অমিত ও সহকারী প্রকৌশলী রাহুলকে রক্ষা করতে মাঠে নেমেছে প্রভাবশালী একটি চক্র। যত তদন্ত কমিটিই হোক না কেন, সব 'ম্যানেজ' হয়ে যাবে। সূত্রের দাবি, অমিত-রাহুলকে বাঁচাতে গতকাল গভীর রাত পর্যন্ত কর্মকর্তারা ডিভিশন কার্যালয়ে দফায় দফায় বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করেছেন। 

এদিকে, ওই বিদ্যুৎকর্মী নিহতের ঘটনার পর সিদ্ধিরগঞ্জ ডিভিশনের অন্য বিদ্যুৎকর্মীরা চরম নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় ভুগছেন।

বিদ্যুৎ বিভাগের সচিব ফারহানা মমতাজ বৃহস্পতিবার বিকেলে বাংলা স্কুপকে বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ডিপিডিসির তদন্ত কমিটি কাজ করছে। আর মন্ত্রণালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আবারো প্রাণ গেল বিদ্যুৎকর্মীর


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ