অবশেষে গ্রাহকের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আবাসিক ও বাণিজ্যিক ভবনে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ৪ কিলোওয়াট স্ল্যাব দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
বুধবার (৫ নভেম্বর) সংস্থাটির কোম্পানি সেক্রেটারি কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, ২০২৫ সালের ২১ অক্টোবর ডিপিডিসি'র ৩৮৯ তম বোর্ড সভার আলোচ্যসূচি-৫: এর আলোচনায় ডিপিডিসি'র আওতাধীন এলাকায় আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়ে লোডের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে শুধুমাত্র (৯০১-১১০০) বর্গফুট স্ল্যাবটি নিয়ে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
"ডিপিডিসি'র আওতাধীন এলাকায় আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের Consumption বিবেচনায় এবং পার্শ্ববর্তী বৈদ্যুতিক বিতরণ সংস্থার (ডেসকো) আলোকে বিদ্যমান নীতিমালায় অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে আংশিক সংশোধন করে প্রস্তাবিত ফ্ল্যাট/ফ্লোর সাইজ অনুযায়ী ন্যূনতম লোড নির্ধারণে শুধুমাত্র (৯০১-১১০০) বর্গফুট স্ল্যাবটি বিভাজন করে (৯০১-১০০০) বর্গফুট এবং (১০০১-১১০০) বর্গফুট স্ল্যাব বিবেচনায় ন্যূনতম লোড যথাক্রমে ০৪ কিলোওয়াট ও ০৫ কিলোওয়াট বিভাজন/সংশোধন করার অনুমোদন প্রদান করা হলো। তবে সংযোগ প্রদানের ক্ষেত্রে প্রি-পেমেন্ট মিটারের ব্যবহারকে অগ্রাধিকার দিতে হবে এবং কিলোওয়াট সংশোধনের সাথে সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি ডিপিডিসি প্রশাসনিকভাবে নিষ্পন্ন করবে।"
এই আদেশ অবিলম্বে মাঠপর্যায়ে কার্যকর করতে বলা হয়েছে।
গ্রাহকদের দুর্ভোগ নিয়ে বাংলাস্কুপ একাধিক প্রতিবেদন প্রকাশের পর ডিপিডিসির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল।
এদিকে ডিপিডিসির এক প্রধান প্রকৌশলী বলেন, এই আদেশ জারি হওয়ায় আমরা আশা করছি, বিদ্যুৎ সংযোগের জন্য ঝুলে থাকা আবেদনগুলো এখন দ্রুত নিষ্পত্তি হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/একেএস/এসকে
ভোগান্তিতে গ্রাহক, তোপের মুখে প্রকৌশলীরা!
সংযোগ নীতিমালায় বৈষম্য নিরসনে বৈঠক ডেকেছে বিদ্যুৎ বিভাগ
সাবস্টেশন ব্যবসা চালু রাখতেই সংযোগ নীতিমালায় বৈষম্য!