​পাকিস্তান থেকে নিত্যপণ্য আমদানিতে নতুন সমঝোতা

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৬:৪৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৬:৪৯:৫৭ অপরাহ্ন
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার আওতায় দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে—সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ভোজ্যতেল। এছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন কৃষিপণ্যও এ বাণিজ্য সহযোগিতার অন্তর্ভুক্ত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দেবে। পরবর্তীতে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি সম্পন্ন করে মূল্য ও সরবরাহের শর্ত চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতার ফলে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সুনির্দিষ্ট পণ্য চিহ্নিতকরণ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং সময়মতো পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে। এটি দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী তা সরবরাহে পাকিস্তান প্রস্তুত।

সাম্প্রতিক দ্বিপাক্ষিক বাণিজ্য অগ্রগতির চিত্র তুলে ধরে হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে এবং বছরে ১০ হাজার টন বাংলাদেশি চা আমদানিতে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে। এছাড়া গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :