সুপারির বাজার অস্থির, ক্ষতির শঙ্কা চাষি-ব্যবসায়ীর

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:০৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:০৩:০০ অপরাহ্ন
সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার দরদাম, দর-কষাকষিতে মুখর জিয়ানগর ও কাউখালী সুপারির হাট। একই কারণে মুখর পাঁচপাড়া, শ্রীরামকাঠী আর গোবর্ধন বাজার। পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার এসব বাজার পাইকারি সুপারি বেচাকেনার জন্য বিখ্যাত। 

সুপারি চাষি ও ব্যবসায়ীরা বলছেন, দেশজুড়ে পিরোজপুরের সুপারির ব্যাপক চাহিদা। তবে চলতি মৌসুমে গত বছরের তুলনায় ফলন কমেছে প্রায় তিন ভাগের দুই ভাগ। উৎপাদন কম হওয়ায় বাজারে দাম কিছুটা বেশি পেলেও কাঙ্খিত লাভ নিয়ে শঙ্কায় চাষিরা।

 অপরদিকে, বেশি দামে সুপারি কিনে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 

সম্ভাবনাময় অর্থকরী ফসল সুপারির উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। এতে একদিকে যেমন চাষিরা ন্যায্য ফলন ও লাভের মাধ্যমে লাভবান হবেন, অন্যদিকে সুপারির পুরো ব্যবসায়ও ফিরবে স্থিতিশীলতা বলে মনে করছেন তারা।

প্রতিদিনের মতো সকাল থেকেই জমে উঠেছে পিরোজপুরের প্রধান সুপারির হাটগুলো।

ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে এসব বাজার। প্রতিদিন এসব হাটে কোটি কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।

পিরোজপুরে ৭০টি হাট ঘিরে গড়ে উঠেছে সুপারির বিশাল বাণিজ্যিক বলয়। এই পুরো সরবরাহ ও কেনাবেচা ব্যবস্থার সঙ্গে জড়িত হাজারো মানুষের কর্মসংস্থান ও জীবিকা।

প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে পিরোজপুরের সুপারি আকারে বড়; রং বেশ আকর্ষণীয় এবং স্বাদেও তুলনামূলক ভালো। এসব বিশেষ গুণের কারণে স্থানীয় গণ্ডি পেরিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার সুপারি।

ফলন কম থাকায় বাজারে সুপারির চাহিদা ও দাম বেশ চড়া। বর্তমানে হাটগুলোতে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়।

বাজারে ভালো দাম থাকলেও স্বস্তিতে নেই সুপারি চাষিরা। গত বছরের তুলনায় এবার অনেক এলাকায় সুপারির ফলন কমেছে উল্লেখযোগ্য হারে, কোনো কোনো এলাকায় কমেছে প্রায় তিন ভাগের দুই ভাগ। ফলন কম হওয়ায় উৎপাদন খরচ পুষিয়ে প্রত্যাশিত লাভের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা।

অনেক চাষির অভিযোগ, সুপারি বাগানের সংকট ও ফলন বিপর্যয়ের সময়ে কৃষি বিভাগের কাছ থেকে মিলছে না প্রয়োজনীয় পরামর্শ ও মাঠে কার্যকর সহযোগিতা।

বাজারে সরবরাহ কম থাকায় ব্যবসায়ীদের চড়া দামে সুপারি কিনতে হচ্ছে। এতে বাজারে পরবর্তী ওঠানামা বা দামের অস্থিরতায় পড়ে লোকসানের আশঙ্কায় রয়েছেন স্থানীয় ও পাইকারি ব্যবসায়ীরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে পিরোজপুরে চার হাজার ৬৬৯ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৬৭৬ মেট্রিক টন।

উৎপাদিত এসব সুপারির আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৮৪০ থেকে ৯৩০ কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশে পিরোজপুরের সুপারি রপ্তানি বা পাঠানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

সুপারি চাষে নিয়মিত পরিচর্যার বিষয়ে পরামর্শ দেওয়াসহ চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :