ফেনী ইউনিভার্সিটিতে আইন সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১২:২০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১২:২০:২৯ অপরাহ্ন
দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।

‘সীমান্ত পেরিয়ে আইনের শাসন: পরিবর্তনশীল বিশ্বে সার্বভৌমত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈশ্বিক শাসনব্যবস্থা’ প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক।

ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মাসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য অধ্যাপক এ বি এম আবু নোমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ফেনী ইউনিভার্সিটির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন এবং গবেষণা সেলের পরিচালক সহযোগী অধ্যাপক ড. হাসান আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ।

সম্মেলনের আহ্বায়ক ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক উম্মে সায়মা আক্তার উর্মি ও নাঈমা জান্নাত মিতু।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ এ এন এম মোরশেদ খান। বিশেষ অতিথি ছিলেন একই ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ফওজুল আজিম।

দিনব্যাপী সম্মেলনে মুট কোর্ট, গবেষণা প্রবন্ধ উপস্থাপন, আইনবিষয়ক আলোচনা ও বিভিন্ন একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে অংশগ্রহণকারীরা নিজেদের চিন্তা, যুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় বিচারব্যবস্থা, মানবাধিকার, সার্বভৌমত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈশ্বিক শাসনব্যবস্থার মতো সমসাময়িক বিষয় গুরুত্ব পায়।

আয়োজকেরা জানান, এ সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে আইন গবেষণা ও পেশাগত দক্ষতা বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :