বাবা হলেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৪:২০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৪:২০:৫০ অপরাহ্ন
সন্তানের জন্মের সময় স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে এবার সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করতে যাচ্ছে ভারতের তামিলনাড়ু সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বাবা হতে যাওয়া পুরুষ সরকারি কর্মীরা পাবেন ১৫ দিনের ছুটি।

সন্তানের জন্মের আগে কিংবা জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ঘোষণা দেন। অভিনেতা থেকে রাজনীতিতে আসা এই মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নামেও পরিচিত।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারি পুরুষ কর্মীরা ১৯৯৭ সাল থেকেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।

পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে চালু হয়েছিল এই সুবিধা। এবার কেন্দ্রীয় সরকারের ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে তামিলনাড়ুতেও একই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্তান জন্মের সময় স্ত্রীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং নবজাতকের পরিচর্যার দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নতুন নিয়মে সন্তানের জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের যেকোনো সময়ে পুরুষ সরকারি কর্মীরা এই ছুটি নিতে পারবেন।

এ বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষ কর্মীদের দীর্ঘদিনের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুর নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু-উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।’

তবে ভারতে সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করা প্রথম রাজ্য নয় তামিলনাড়ু।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :