পৃথিবীর কক্ষপথে এলো রহস্যময় আরেক চাঁদ, ঘুরছে কক্ষপথেই

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৪:০৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৪:০৬:০৪ অপরাহ্ন
আকাশে চাঁদ একটাই- ছোটবেলা থেকে এমনটাই জেনে এসেছি আমরা। কিন্তু পৃথিবীর আকাশে এখন ঘুরছে আরও একটি চাঁদ! আকারে মাত্র দুই মিটার, অর্থাৎ প্রায় ছয় ফুট। তবে এটি স্থায়ী কোনো উপগ্রহ নয়। পৃথিবীর মহাকর্ষীয় টানে সাময়িকভাবে আটকে পড়েছে ছোট্ট এক গ্রহাণু। জ্যোতির্বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ‘2026 QQ8’। কিন্তু কোথা থেকে এলো এই দ্বিতীয় চাঁদ? আর কতদিনই বা পৃথিবীর সঙ্গী হয়ে থাকবে এটি?

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ক্ষুদ্র গ্রহাণুকে টেনে নিয়ে আসে কক্ষপথে। এরপর থেকে পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে এটি। তবে আগামী ডিসেম্বরের শুরুতেই পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব কাটিয়ে আবার সূর্যের চারপাশের কক্ষপথে ফিরে যাবে। অর্থাৎ, পৃথিবীর এই অস্থায়ী সঙ্গীকে বেশিদিন পাওয়া যাচ্ছে না।

মজার বিষয় হলো, বস্তুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে প্রথমে বিজ্ঞানীরা বুঝতেই পারেননি এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহের অংশ। কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ ও গতিপথ বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে, এটি আসলে মহাকাশেরই একটি প্রাকৃতিক বস্তু। গেল আগস্টে হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেৎস্কি প্রথম এটি শনাক্ত করেন। পরে অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এর নামকরণ করে।

তবে পৃথিবীর এমন অস্থায়ী সঙ্গী এবারই প্রথম নয়। এর আগে 2006 RH120 গ্রহাণু প্রায় এক বছর এবং 2020 CD3 প্রায় তিন বছর পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। বিজ্ঞানীদের ধারণা, গড়ে যেকোনো সময় পৃথিবীর পাশে এমন একটি বা একাধিক ক্ষুদ্র বস্তু অবস্থান করতে পারে। এদের অধিকাংশই এত ছোট ও দ্রুতগতির যে শনাক্ত করাই কঠিন। তবে এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই। এমনকি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও এটি ভেঙে গিয়ে ক্ষতিকর কিছু ঘটানোর সম্ভাবনা নেই।

এদিকে আরও চমক অপেক্ষা করছে ভবিষ্যতে। চিলির ভেরা সি রুবিন অবজারভেটরি আগামী দশ বছরের জরিপে সৌরজগতের বিপুলসংখ্যক নতুন বস্তু শনাক্ত করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সৌরজগতের প্রায় ১৫ লাখ বস্তুর সন্ধান মিললেও তা বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে। এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি থাকা ৪০ হাজার বস্তুকে শনাক্ত করতে পেরেছেন বিজ্ঞানীরা। 

অর্থাৎ, রাতের আকাশে আমরা যতটুকু দেখি, মহাবিশ্বে তার চেয়ে অনেক বেশি কিছু এখনও আমাদের অজানা। আর পৃথিবীর এই ছোট্ট অস্থায়ী চাঁদ যেন সেই অজানা মহাকাশেরই এক বিস্ময়কর বার্তা!
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :