মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারেও

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:০২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০১:০২:১১ অপরাহ্ন
দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। প্রায় সব ধরনের সবজির দাম বাড়তি। কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহের তুলনায় মুরগি ও হাঁসের ডিমের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন চিত্র দেখা গেছে। মাছ ও মাংসের বাড়তি দামের কারণে অনেক পরিবার আগে থেকেই খাদ্যতালিকায় এসব পণ্যের পরিমাণ কমিয়েছে। এখন সবজির দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষের জন্য দৈনন্দিন বাজার সামলানো আরও কঠিন হয়ে পড়েছে। 

অনেক ক্রেতা বলছেন, মাছ-মাংস কেনার সামর্থ্য না থাকায় সবজির ওপর নির্ভর করতে হয়। কিন্তু সেই সবজির দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে ডিম ও আলুর মতো তুলনামূলক কম দামের খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৩০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা এবং শিম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি ঢেঁড়শ ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে ফুলকপি ও বাঁধাকপির দামও চড়া। প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৭০ থেকে ৮০ টাকা। চারটি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে কম খরচে পরিবারের প্রোটিনের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন ক্রেতারা।

মাছের বাজারেও চড়া দাম দেখা গেছে। প্রতি কেজি রুই মাছের দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৫২০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারেও দাম কম নয়। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো পণ্যের দাম দু-এক দিন কম থাকলেও বেশিদিন সেই স্বস্তি থাকে না। কিছুদিন কম দামে কেনাকাটা করার সুযোগ তৈরি হলেও অল্প সময়ের মধ্যে আবার দাম বেড়ে যায়। বিশেষ করে সবজির বাজারে এই ওঠানামা তাদের মাসিক খরচের হিসাব এলোমেলো করে দিচ্ছে।

খিলক্ষেতে বাজার করতে এসেছিলেন জাহিদ আনোয়ার। তিনি বলেন, মাছ-মাংসের বাজারে যে আগুন, এটা কেনা আমাদের জন্য বিলাসিতা হয়ে গেছে। এখন আবার সবজির বাজারেও আগুন। প্রতিদিনের খাবারের জন্য সবজি কিনতেই হয়। কিন্তু দাম যেভাবে বাড়ছে, তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। এখন ডিম আর আলুর ওপরই নির্ভর করতে হচ্ছে। এরই মধ্যে আবার বেড়ে গেল ডিমের দাম। 

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :