শেখ হাসিনার উপ-প্রেসসচিব মুনসহ তিনজন কারাগারে

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:২২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:২৫:৩৪ অপরাহ্ন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেসসচিব কে এম সাখাওয়াত মুনসহ (৫০) তিনজনকে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর দুইজন হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)।

এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসউদুর রহমান।

আবেদনে বলা হয়, গত ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করেন।

এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

আবেদনে আরো বলা হয়, আসামিরা ওই স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হন। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :