​মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছিলেন?

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৪:১০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৪:১০:৪৪ অপরাহ্ন
ফুটবল মাঠে অসাধারণ সব কীর্তি গড়া লিওনেল মেসি ছোটবেলায় স্কুলে পড়াশোনায় কেমন ছিলেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আর্জেন্টাইন মহাতারকা সপ্তম শ্রেণির একটি মার্কশিট ঘিরে শুরু হয়েছে আলোচনা। দেখা গেছে, শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পেলেও বেশ কয়েকটি বিষয়ে মেসির প্রাপ্ত নম্বর ছিল ৬।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার অনেক আগে মেসির দিন কাটত নিউয়েলস ওল্ড বয়েজের যুব দলের অনুশীলন আর স্কুলের পড়াশোনায়। সেসময়ের একটি রিপোর্ট কার্ড ‘এক্স’য়ে প্রকাশ করেছে স্কালোনাডোজ নামের একটি অ্যাকাউন্ট।

প্রকাশিত নথি অনুযায়ী, রিপোর্ট কার্ডটি তৈরি হয়েছিল যখন মেসির বয়স ছিল ১২/১৩ বছর। মেসি তখন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন।

রিপোর্ট কার্ডটিতে বিভিন্ন বিষয়ে মেসির পাওয়া নম্বরের উল্লেখ রয়েছে। এরমধ্যে শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন তিনি। শিল্পকলা ও সংগীতে পেয়েছিলেন ৮ করে। তবে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তির মতো বিষয়গুলোতে তার নম্বর ছিল ৬।

মার্কশিটটি প্রকাশের পর নানাধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মেসির প্রাপ্ত নম্বর নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ তার শিল্পকলার নম্বর দেখে লিখেছেন, ‘বেশ ভালো শিল্পী।’ আবার কেউ নিজের স্কুলজীবনের নম্বরের সঙ্গে মেসির নম্বর মিলিয়ে মন্তব্য করেছেন, ‘আমাদের মধ্যেও লিও-র মতো গুণাবলি আছ।’

শৈশবে মেসি কেমন ছাত্র ছিলেন, তা নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছেন কয়েকজন শিক্ষকও। তাদের মধ্যে আন্দ্রেয়া সোসা ছিলেন মেসির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষক।

ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোকে সাক্ষাৎকারে সোসা বলেছেন, ‘সে খুব শান্ত এক ছেলে ছিল, লাজুক স্বভাবের কারণে ক্লাসে খুব একটা অংশগ্রহণ করত না। কিন্তু খেলার মাঠে ফুটবল খেলতে নামলেই পুরোপুরি বদলে যেত, ঠিক তখনই হয়ে উঠত সেই লিও, যাকে আজ পুরো বিশ্ব চেনে।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :