​হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:৫১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:৫১:২৩ অপরাহ্ন
দেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩৮ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া দুজনের একজন ময়মনসিংহ বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬০ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১২৯ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ বিভাগে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৭ জনের। সিলেট বিভাগে ১৪৭ জন সন্দেহজনক ও ৩০ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৩১ জন সন্দেহজনক ও পাঁচজন নিশ্চিত, রংপুরে ২৭ জন সন্দেহজনক ও দুজন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।

এ ছাড়া বরিশালে ১৪৮, খুলনায় ১১০, ময়মনসিংহে ৮৮ এবং রাজশাহী বিভাগে ৪২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ২৬ হাজার ৩৭৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এই সময়ে সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফারহানা হকের প্রস্তুত করা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :