হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা

কলাপাড়ায় শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৪:১২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৪:১২:০৮ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) রাতে কলাপাড়া হাসপাতালে এ ঘটনা ঘটে। আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের মোশাররফ মোল্লার স্ত্রী।

জানা গেছে, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন আলিফা। তাঁর সেবা-যত্ন করছিলেন মা সাথী বেগম। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে গিয়ে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়; মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম। এ সময় শাওন পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে শাওন দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাথী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই দিয়েছেন।

অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :