কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:৪৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:৪৭:১৮ অপরাহ্ন
নেত্রকোনার কেন্দুয়ায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়াসহ আরও কয়েকটি অভিযোগে হিমালয় ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকায় অবস্থিত হিমালয় ফিলিং স্টেশনে অভিযান চালায় প্রশাসন। এসময় পরিমাপে জ্বালানি তেল কম দেওয়া, ফায়ার লাইসেন্স নবায়ন না থাকা ও ভূগর্ভস্থ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে  ছিলেন।

জানা গেছে, গত অক্টোবর মাসে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ফিলিং স্টেশনের ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে নির্ধারিত পরিমাপের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ফায়ার লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদও শেষ হয়েছে। এসব অনিয়মের কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় জরিমানা করা হয়েছে।

তবে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা রয়েছে। ফায়ার লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও চলছে। এরপরও এক লাখ টাকা জরিমানা করাকে তিনি বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন বাজারে অবৈধভাবে পেট্রোল ও ভেজাল জ্বালানি তেল বিক্রি হচ্ছে। সেসবের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেই। নিয়মিত সরকারকে রাজস্ব দেওয়ার পরও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :