​রূপপুরের গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:০৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:০৫:০৪ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্মস্থলে অনুপস্থিত থাকায় খোঁজ নিতে গিয়ে তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেক এনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার বুখিনস্কি কর্মস্থলে যাননি। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় তার প্রতিষ্ঠানের এক কর্মচারী গ্রিন সিটির আবাসিক কক্ষে খোঁজ নিতে যান। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করেন তিনি। 

এ সময় বাথরুমের সামনে বুখিনস্কিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :