রাখাল নৃত্যে শুরু কমলগঞ্জের মণিপুরি মহারাসলীলা

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:১৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:১৮:৪২ অপরাহ্ন
ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুর ইউনিয়নের তেতইগাঁওয়ে ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে। অন্যদিকে, আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মেইতেই সম্প্রদায়ের আয়োজনে হচ্ছে ৪১তম রাস উৎসব।

উৎসব ঘিরে সকাল থেকেই মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে বিরাজ করছে আনন্দ-উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সেজে নারী, পুরুষ ও শিশুরা এতে অংশ নিচ্ছেন। মহারাসলীলা দেখতে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা কমলগঞ্জে আসছেন। উৎসবস্থলের আশপাশে বসেছে নানা পণ্যের মেলা।

আয়োজকেরা জানান, গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মাধ্যমে শ্রীকৃষ্ণের বাল্যকালের গোপজীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। গোধূলি পর্যন্ত চলে এ নৃত্য পরিবেশনা। এরপর ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং নৃত্য-গীতের মধ্য দিয়ে এগিয়ে যায় মহারাসলীলার মূল আয়োজন।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ বলেন, ‘মহারাসলীলা মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এ উৎসব দেখতে সারা দেশ থেকে হাজারো দর্শনার্থী এসেছেন। উৎসব ঘিরে মণিপুরি প্রতিটি পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। নতুন পোশাক তৈরি, নৃত্যের মহড়া ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরিবারগুলো উৎসবের জন্য প্রস্তুত হয়।’

স্থানীয়রা জানান, মহারাসলীলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পচর্চারও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রতি বছর এ উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা কমলগঞ্জে আসেন।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :