ভয়াবহ ক্ষতির মুখে তরমুজ চাষিরা

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:১৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:১৬:১৩ অপরাহ্ন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগাম তরমুজের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা তিনদিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় নতুন করে চারা তৈরির উদ্যোগ নিতে হচ্ছে চাষিদের। বৃষ্টিতে উপজেলার ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের আবাদ ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করছে কৃষি কার্যালয়। এতে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ২০ দিন পিছিয়ে পড়ার পাশাপাশি দ্বিগুন খরচের আশঙ্কা করছেন তারা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে উপকূলীয়সহ দেশের বিভিন্ন এলাকায় টানা তিন দিন বৃষ্টি হয়। জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগর ও নদীবেষ্টিত দ্বীপ-উপজেলা রাঙ্গাবালী। সোমবার (২৩ নভেম্বর) সকালেও এই এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। পরে সারা দিনে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা ছিল।

উপজেলার কাউখালী চরে ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক তরমুজ খেতে এখনো জলাবদ্ধতা রয়েছে। চারা রক্ষায় অনেক কৃষক কোদাল দিয়ে নালা কেটে পানি নিষ্কাশন করতে দেখা গেছে। এছাড়া উপজেলার চরমোন্তাজ, চর ইমারশন, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবিতেও একই অবস্থার কথা জানা গেছে। জলাবদ্ধতায় তলিয়ে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ এলাকার তরমুজ চারা।
 
কাউখালী চরের চাষিরা জানান, ভালো দাম পাওয়ার আশায় তারা আগেভাগেই আগাম তরমুজের বীজ বপন ও চারা তৈরির কাজ শুরু করেছিলেন। কিন্তু আকস্মিক দুর্যোগ ও টানা বৃষ্টিতে চারার বড় অংশ নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে বীজ সংগ্রহ, জমি প্রস্তুত ও চারা তৈরি শ্রম ও সময় সাধ্য। এতে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ২০ দিন পিছিয়ে পড়বেন তারা। এ ছাড়া অর্থনৈতিকভাবে বাড়তি চাপ তৈরি হয়েছে। সব মিলিয়ে মৌসুমের শুরুতে বাজারে তরমুজ তোলার সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

কাউখালি চরে ৩ হেক্টর জমিতে তরমুজ চাষ করা নুরুজ্জামান বলেন, ‘টানা বৃষ্টিতে আমি পলি দিয়ে চারা ঢেকে রাখছি, তারপরও পানি পড়ে নষ্ট হয়ে গেছে। অনেকের খেতে পানি জমে আছে। রোদ উঠলে তাদেরও চারা নষ্ট হয়ে যাবে।’

একই চরে তরমুজ চাষি নুর আলম চৌকিদার বলেন, ‘বৃষ্টিতে পঁচলা ধরে তরমুজ চারা সব নষ্ট হয়ে গেছে। এছাড়া চাষ দিয়া রাখা জমি বৃষ্টিতে ভিজে রয়েছে। এই জমি শুকাতে আরও ১৫-২০ দিন লাগবে। এতে আমরা ১ মাসের পিছে পড়ছি। সার, ওষুধসহ অনেককিছু খরচ করছি, এতে আমাদের অনেক লোকসান হবে। নতুন করে চাষ করতে হবে, তাতে দ্বিগুণ খরচ গুনতে হবে।’

উপজেলার কৃষি কার্যালয়ের জানিয়েছে, রাঙ্গাবালীতে চলতি মৌসুমে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য ১ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ৮০-৮৫ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আকভানের প্রভাবে বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় তরমুজের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কয়েকদিন পরেই চূড়ান্ত ক্ষতির মাত্রা নির্ণয় করা যাবে। আমরা আশঙ্কা করছি, ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, আগাম তরমুজের চারা রোপণের জন্য এই সময়টা অত্যন্ত উপযুক্ত হলেও অসময়ের বৃষ্টি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো চারা রোপণ করা সম্ভব না হলে কৃষকদের দ্বিগুণ খরচের মুখে পড়তে হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ধরনের সহযোগিতার দরকার হলে কৃষি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা করবে প্রশাসন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :