​রংপুরে শহীদ আবু সাঈদের নামে হাসপাতাল চালু

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৫০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:৫০:০৯ অপরাহ্ন
রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ আবু সাঈদের নামে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করেছে রংপুর সিটি করপোরেশন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরীর আদিশহর মাহিগঞ্জে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা।

হাসপাতালটিতে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন। পাশাপাশি প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে এখানে সিজারিয়ান অপারেশন চালুর পাশাপাশি হাসপাতালটিকে ২০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা এ হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। এ ছাড়া প্রতিদিন টিকাদান কার্যক্রম চলবে।

তিনি বলেন, দ্রুতই হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চেষ্টা করা হবে। এতে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা খরচ করে ও সময় ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না।

প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল চালুর মধ্য দিয়ে প্রথম ধাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :