​খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:২৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:২৯:৪৭ অপরাহ্ন
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবার কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে বিষয়টি সবার নজরে আসে। শনিবার (২১ নভেম্বর) মধ্যরাত থেকে রোববার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।

এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসক ওই গ্রাফিতি নতুন করে আঁকার নির্দেশ দেন। ওই দিন বিকেলেই সেটি আবার আঁকা হয়। সেই গ্রাফিতিতেই আবার কালি দেওয়ার ঘটনা ঘটল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরোনো যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের গ্রাফিতি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথের গ্রাফিতিতেই কালি দেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সড়কে লোকজন কম ছিল। দোকান বন্ধ ছিল। এই সুযোগটা কাজে লাগানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।’

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘একটা ছবি মুছে দিয়ে একটা মানুষকে অস্বীকার করার সুযোগ নাই। যারা এটি করেছেন, তাদের মানুষ ঘৃণার চোখেই দেখেছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এসব কাজ থেকে বিরত থাকুন।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টি কমলেই আমরা আবার গ্রাফিতি নতুন করে আঁকব। যতবার মুছবে, ততবারই আঁকব।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :