পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০১:০৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০১:০৮:৫৪ অপরাহ্ন
দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে চলমান অস্থিরতাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) বিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ ও পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই সড়কে এই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং আরএমজি খাতের বিকাশে শতভাগ আন্তরিকভাবে কাজ করছে।

চলতি অর্থবছরে একটি শ্রমিকবান্ধব ও গার্মেন্টস শিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যে ধরনের কর্মকাণ্ড চলছে তাতে স্পষ্ট যে এর পেছনে থাকা মহলটি বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে চায়। দীর্ঘদিন ধরে গার্মেন্টস শিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ খাতটি রক্ষা করার দায়িত্ব কেবল সরকার, শ্রমিক বা গার্মেন্টস মালিকদের একার নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে চলমান এই বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিল্পের শুরুর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে তৈরি পোশাক আজ স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন কিংবা টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সমেয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী নীতিগত সহায়তায় তা এগিয়ে যায়। বিএনপি সরকার সবসময়ই এই শিল্পের প্রসার এবং শ্রমিকদের শতভাগ নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিতে সচেষ্ট ছিল বলে তিনি উল্লেখ করেন।

দেশের রফতানি ও অভিবাসন খাতের তথ্য তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত আছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন একাই প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি, গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুমোদনকে বাংলাদেশের প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি ইইউ, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আইএলওসহ উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নীতিমালা পথ দেখালেও গবেষণাই মূল ভিত্তি তৈরি করে এবং নির্ভরযোগ্য জাতীয় তথ্য-উপাত্ত আন্তর্জাতিক দরকষাকষি, বাণিজ্য সুবিধা, বাজার প্রবেশাধিকার ও বিনিয়োগ আলোচনায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করে। পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষাংশে শামা ওবায়েদ ইসলাম বলেন, একটি জাতির প্রকৃত সম্পদ তার সুউচ্চ অট্টালিকা দিয়ে নয়, বরং যারা সেগুলো নির্মাণ করেন তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা দিয়ে পরিমাপ করা হয়। কেবল জীবিকা নির্বাহের জন্য কোনও শ্রমিককে যেন নিজের জীবন বা স্বাস্থ্যের ঝুঁকি নিতে না হয়– সেই লক্ষ্যেই গবেষণা ও তথ্য-প্রমাণকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :