মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০১:২৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০১:২৪:৩১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান তিনি। বর্তমানে এই নেতা বিদেশে পলাতক রয়েছে।

শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।

নিজের অসুস্থতার বিষয়ে শামীম ওসমান বলেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন।

তবে এ নিয়ে তাদের খুশি না হওয়ার আহ্বান জানান এই নেতা। 

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই এমপি। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।

শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকেন, তাহলে সেই আফসোস থেকে যাবে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :