ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বেতাগীতে বিপর্যস্ত জনজীবন

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:৪৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৪৪:০৭ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীসহ আশপাশের এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকায় জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও জেলেরা পড়েছেন বেশি ভোগান্তিতে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ কারণে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি বরিশাল, খুলনা ও পটুয়াখালী অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল ও খুলনাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও বিষখালী নদীতীরবর্তী জেলেরা। নদী উত্তাল থাকায় এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পর অধিকাংশ জেলে মাছ ধরা বন্ধ রেখেছেন। নিরাপত্তার স্বার্থে তারা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে নোঙর করে রেখেছেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :