​চার প্রদেশ ভেঙে পাকিস্তানে ১৪ প্রদেশ গঠনের আলোচনা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৩:২৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৩:২৯:৫৯ অপরাহ্ন
পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্গঠন করে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে তিনটি করে প্রদেশ গঠন করা হতে পারে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

তিনি বলেন, ‘আমি শুনেছি, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনা রয়েছে।’

আহসান ইকবাল জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি লিখেছিলেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর জন্য বিকল্প প্রশাসনিক ব্যবস্থা তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে আমরা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দিয়েছি। ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বশাসনব্যবস্থা প্রয়োজন।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :