প্রকৃতির অপার সৌন্দর্যের এক টুকরো বাংলাদেশ

পাহাড়, নদী আর ঝরনার মায়ায় ভরা জাফলং

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৩:১৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৩:১৬:২৮ অপরাহ্ন
পাহাড়ের গা বেয়ে নেমে আসছে স্বচ্ছ জলধারা। দূরের পাহাড়ের চূড়ায় সাদা মেঘের আনাগোনা। নিচে পাথরে বিছানো নদী, আর তার বুক চিরে এগিয়ে চলেছে ছোট ছোট নৌকা। কোথাও সবুজের সমারোহ, কোথাও ঝরনার কলকল শব্দ। প্রকৃতির এমন মায়াবী রূপের দেখা মিলবে সিলেটের জাফলংয়ে। মনে হবে, পাহাড়, নদী, মেঘ আর সবুজের রঙে কেউ যেন নিপুণ হাতে সাজিয়ে রেখেছে এক টুকরো স্বর্গ।

আয়তনে পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। তবে এর মধ্যেই সৌন্দর্যের ডানা মেলে ধরেছে অসংখ্য অঞ্চল। সিলেটের জাফলং তেমনই এক নৈসর্গিক সৌন্দর্য । পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার স্বচ্ছ জলধারা, সবুজে মোড়া টিলা, পাথরে বিছানো নদী আর মেঘের লুকোচুরি; প্রকৃতির এমন অপূর্ব সমন্বয় খুব কম জায়গাতেই দেখা যায়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র জাফলং যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক অনন্য ভূখণ্ড। ঋতু পরিবর্তন করলেই জাফলং যেন হাজির হয় ভিন্ন ভিন্ন রূপে। তাই সারা বছরই এই স্থানটির থাকে আলাদা আকর্ষণ।

জাফলংয়ে থেকেই সীমান্তের ওপারেই ভারতের মেঘালয় রাজ্যের সারি সারি উঁচু পাহাড় চোখে পড়বে। এই পাহাড়ের কোলেই পিয়াইন নদী জাফলংকে করেছে অনন্য সৌন্দর্যমন্ডিত। দূরের পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা, পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো সাদা মেঘ আর নদীর স্বচ্ছ জলে ছড়িয়ে থাকা ছোট-বড় পাথর মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝরনায় প্রাণ ফিরে পায় পুরো এলাকা। শরতে পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা আর শীতে স্বচ্ছ জল ও সবুজের সমারোহ জাফলংকে দেয় ভিন্ন সৌন্দর্য।

জাফলংয়ের অন্যতম আকর্ষণ পিয়াইন নদী। স্বচ্ছ পানির নিচে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি ও পাথর সহজেই চোখে পড়ে। নদীর বুকজুড়ে পাথুরে চর, ছোট ছোট নৌকা আর পাহাড়ের প্রতিবিম্ব প্রকৃতির সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা। চাইলে নৌকায় করে পিয়াইন নদীতে ঘুরে বেড়ানো যায়। নদীর বুকে নৌবিহারের পাশাপাশি দেখা যায় পাহাড়, ঝরনা ও সীমান্তসংলগ্ন ডাউকি এলাকার দৃশ্য। কাছেই রয়েছে বিখ্যাত ডাউকি ঝুলন্ত সেতু, যা জাফলং ভ্রমণের অন্যতম আকর্ষণ।

এ ছাড়া ঘুরে দেখা যায় সংগ্রামপুঞ্জি খাসিয়াপল্লি, মায়াবী ঝরনা ও জাফলং চা বাগান। পাহাড়ঘেরা চা বাগানের সবুজ পরিবেশ, খাসিয়াদের বসতি, পান-সুপারির বাগান এবং পাহাড়ি পথের নির্জনতা পর্যটকদের ভ্রমণে যোগ করে ভিন্ন অভিজ্ঞতা। জাফলং জিরো পয়েন্ট থেকে অটোরিকশা বা স্থানীয় যানবাহনে এসব জায়গায় যাওয়া যায়।

জাফলংয়ে যেতে ঢাকা কিংবা দেশের অন্য যেকোনো স্থান থেকে প্রথমে সিলেট শহরে যেতে হবে। বাস, ট্রেন ও বিমানে সিলেটে পৌঁছানোর সুযোগ রয়েছে। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। সেখান থেকে লোকাল বাস, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা কিংবা মাইক্রোবাসে প্রায় দুই ঘণ্টায় পৌঁছানো যায়। দলবদ্ধভাবে ভ্রমণের ক্ষেত্রে মাইক্রোবাস বা গাড়ি রিজার্ভ করা সুবিধাজনক।

রাত্রিযাপনের জন্য জাফলং ও আশপাশের এলাকায় বিভিন্ন মান ও দামের আবাসিক হোটেল রয়েছে। তবে তুলনামূলক বেশি সুযোগ-সুবিধা ও খাবারের বৈচিত্র্য পেতে অনেক পর্যটক সিলেট শহরে অবস্থান করেন। সেখানে বিভিন্ন মানের হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ পাওয়া যায়।

পাহাড়, নদী, ঝরনা ও সবুজের অপূর্ব মেলবন্ধন উপভোগ করতে জাফলং হতে পারে দারুণ এক ভ্রমণগন্তব্য। তবে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে নানা কারণে হুমকির মুখে। পাথর উত্তোলন, পাথর ভাঙার ক্রাশার থেকে ছড়িয়ে পড়া ধুলাবালি, অতিরিক্ত নৌকা, ছাতা-চেয়ার ও অস্থায়ী দোকানপাটের কারণে পর্যটন এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। কয়েক দফা বন্যায় জিরো পয়েন্টে পাথরের স্তূপ জমে নদীর গতিপথ ও পর্যটকদের চলাচলের জায়গায় পরিবর্তন এসেছে। অতিরিক্ত পর্যটকের চাপ এবং অপরিকল্পিত ব্যবস্থাপনাও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। জাফলং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হওয়ায় এর প্রকৃতি ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রক্ষায় পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা জরুরি। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :