​রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:৩৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:৩৩:২৮ অপরাহ্ন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় অতিরিক্ত ৮০ লাখ ইউরো মানবিক অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদারে এ অর্থ ব্যয় করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

এই অর্থ দিয়ে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের বার্তায় আরও বলা হয়, নতুন এই বরাদ্দের বাইরে ২০২৬ সালে বাংলাদেশকে ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংকট মোকাবিলায় মানবিক সহায়তার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধানের প্রচেষ্টায়ও সহযোগিতা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে প্রয়োজনীয় অর্থায়ন ও সংশ্লিষ্ট উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :