​মিশরের দ্বিগুণেরও বেশি পিরামিড রয়েছে যে দেশে

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:৪২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:৪২:৫০ অপরাহ্ন
পিরামিডের কথা মনে হলেই প্রথমে আসে মিশরের নাম। দেশটির গিজা অঞ্চলের বিখ্যাত তিনটি পিরামিডের কথা অনেকেরই জানা। তবে আফ্রিকায় পিরামিডের সংখ্যার হিসাবে মিশরকে ছাড়িয়ে গেছে দক্ষিণের প্রতিবেশী সুদান। দেশটিতে পিরামিডের সংখ্যা ২০০টির বেশি, যা মিশরের তুলনায় দ্বিগুণেরও বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সুদানে এত পিরামিড নির্মাণের কারণ কী এবং কারা তৈরি করেছিলেন এসব স্থাপনা?

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই হিস্ট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের অধিকাংশ পিরামিড প্রাচীন নুবিয়া অঞ্চলে অবস্থিত। একসময় এ অঞ্চলজুড়ে বিস্তৃত ছিল কুশ রাজ্য। খ্রিষ্টপূর্ব ৭৮০ সাল থেকে খ্রিষ্টীয় ৩৫০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রাজ্যটির সীমানায় পরিবর্তন আসে। সবচেয়ে বিস্তৃত অবস্থায় বর্তমান মিশর ও সুদানের বড় একটি অংশ কুশ রাজ্যের অধীনে ছিল।

একপর্যায়ে কুশের শাসকেরা মিশরও শাসন করেন। খ্রিষ্টপূর্ব ৭৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত কুশীয় রাজারা মিশরের ২৫তম রাজবংশের শাসক ছিলেন। তবে কুশ রাজ্যের সঙ্গে মিশরের সম্পর্ক শুধু শাসনক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগও বজায় ছিল। এসব আদান-প্রদানের প্রভাব পড়েছিল কুশীয়দের ধর্মীয় বিশ্বাস, স্থাপত্যশৈলী এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে ধারণায়।

মিশরের গিজা অঞ্চলের পিরামিডগুলো আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৬০০ থেকে ২৫০০ সালের মধ্যে নির্মিত হয়। অন্যদিকে নুবিয়া অঞ্চলে পিরামিড তৈরির কাজ শুরু হয় আরও পরে, আনুমানিক খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে। মিশরীয়দের মতো কুশীয় শাসকেরাও পরকালীন জীবনকে বিশেষ গুরুত্ব দিতেন। এ বিশ্বাস থেকেই রাজা ও রাজপরিবারের সদস্যদের সমাধির ওপর পিরামিড নির্মাণের প্রথা চালু হয়।

সুদানের পিরামিডগুলোর প্রধান অবস্থান এল-কুররু, নুরি, জেবেল বারকাল ও মেরোয়ে এলাকায়। এসব স্থানের মধ্যে এল-কুররুতে রয়েছে পিরামিড নির্মাণের সবচেয়ে প্রাচীন নিদর্শন। কুশ রাজ্যের শাসক এবং মিশরের ২৫তম রাজবংশের শেষ রাজা তানতামানির সমাধিও এ এলাকায় অবস্থিত। তার পিরামিডটি বর্তমানে আর দাঁড়িয়ে নেই। তবে সমাধিস্থলটি এখনো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

নুবীয় পিরামিডের নির্মাণশৈলীতে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। মিশরের পিরামিডের মতো এগুলোকে সমাধির অভ্যন্তরীণ কক্ষ হিসেবে তৈরি করা হয়নি। বরং সমাধির ওপর স্মৃতিচিহ্ন বা সমাধিফলকের আদলে পিরামিড নির্মাণ করা হতো। মৃত শাসকদের দেহাবশেষ রাখা হতো পিরামিডের ভেতরে নয়, বরং এর নিচে তৈরি ভূগর্ভস্থ সমাধিতে।

মিশরের পিরামিডের তুলনায় সুদানের স্থাপনাগুলো কম পরিচিত হওয়ার পেছনে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধও বড় কারণ। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক পর্যটক সুদান ভ্রমণ এড়িয়ে চলেন। এর ফলে দেশটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং কুশ সভ্যতার ইতিহাস আন্তর্জাতিক অঙ্গনে তুলনামূলকভাবে কম আলোচিত হয়েছে।

তবে সুদানের পিরামিডগুলো কেবল মিশরীয় স্থাপত্যের অনুকরণে তৈরি স্থাপনা নয়। এগুলো নুবিয়া ও কুশ রাজ্যের নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। মিশরের পিরামিডের মতো এসব স্থাপনাও প্রাচীন আফ্রিকার সভ্যতা ও ইতিহাস সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :