বিএইচডব্লিউর প্রতিবেদন

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:০১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৫:৫৬ অপরাহ্ন
সরকারি হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন চিকিৎসকরা।

বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা বলে অনুমান করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ)।

স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে করা সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রবিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। কোনো কোনো সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম কারণ। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ জন্য দায়ী। শুধু আইন প্রয়োগ করে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়, সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করা সম্ভব নয়।

এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। তাঁর মতে, আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।
 
প্রতিবেদনে সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি ও দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।

এক ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওই কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়।

চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির চিত্রও উদ্বেগজনক। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে এ হার ৭০ শতাংশের বেশি। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভূতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিএমডিসিতে চিকিৎসায় অবহেলার ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০১০ সালে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ছিল ৬২টি যা ২০২২-২৩ সালে বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে শিক্ষার মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তদারকি বাড়েনি।

দুর্নীতি বন্ধে রোগীদের ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিএইচডব্লিউ। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনার সুপারিশ করা হয়েছে।

সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত জবাবদিহি নিশ্চিত এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধ এবং সেখানে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :