​আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ-পদোন্নতি ঘিরে তুঘলকি কাণ্ড!

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:৪৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:৪৮:২৯ অপরাহ্ন
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) একের পর এক বিতর্কিত ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) এবং প্রধান প্রকৌশলী পদে পদোন্নতিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অভিযোগ ও সমালোচনার ঝড় বইছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা, নিয়োগনীতি এবং পদোন্নতি প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) এর একটি পদে পদোন্নতির জন্য একাধক যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন কর্মকর্তাকে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক এবং উপ-ব্যবস্থাপক মোস্তফা আল মামুনের স্বেচ্ছাচারি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশ। তাঁদের অভিযোগ, পদোন্নতির ক্ষেত্রে প্রচলিত যোগ্যতা ও এপিএসসিএলের সার্ভিস রুলসের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

অন্যদিকে, প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পরীক্ষায় একজন সিভিল ইঞ্জিনিয়ারকে অংশগ্রহণের সুযোগ দেওয়াকে কেন্দ্র করেও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, একটি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কারিগরি ব্যবস্থাপনার ক্ষেত্রে সাধারণত বৈদ্যুতিক ও যান্ত্রিক প্রকৌশলীদের অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতা বিশেষ গুরুত্ব বহন করে। সে ক্ষেত্রে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা ও কাজের প্রকৃতি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কোম্পানির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বরাবর প্রতিষ্ঠানের ২৬ জন নির্বাহী প্রকৌশলী পর্যায়ের কর্মকর্তার সাক্ষর সংবলিত একটি অভিযোগপত্র গত ১৩ অক্টোবর জমা দেওয়া হয়েছে।

অভিযোগপত্র জমা নিয়েও নতুন বিতর্ক

তবে অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া নিয়েও সৃষ্টি হয়েছে আরেক দফা বিতর্ক। জানা গেছে, অভিযোগপত্রের মূল অংশে কোনো কর্মকর্তার সুনির্দিষ্ট স্বাক্ষর নেই। তবে অভিযোগপত্রের সংযুক্তিতে ২৬ জন নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর রয়েছে।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা ও প্রচলিত চর্চার আলোকে এভাবে একযোগে ২৬ কর্মকর্তার স্বাক্ষরসংবলিত অভিযোগ জমার যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, কোনো পেশাগত বা প্রশাসনিক বিষয়ে সম্মিলিত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে স্বীকৃত পেশাজীবী সংগঠন কিংবা যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা অধিকতর গ্রহণযোগ্য।

এদিকে, অভিযোগপত্রে স্বাক্ষর করা নিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন প্রকৌশলী ভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, কয়েকজন প্রকৌশলীর অনৈতিক চাপ ও প্রভাবের কারণে কিছু কর্মকর্তা অভিযোগপত্রের সংযুক্তিতে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছেন। এ ক্ষেত্রে প্রকৌশলী মোহাম্মদ সুরুজ আলম, প্রকৌশলী হাসান ফেরদৌস, প্রকৌশলী আতিকুজ্জামান, প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী আব্দুল্লা আল মামুন এবং প্রকৌশলী মো. আলমগীর কবিরের নাম আলোচনায় এসেছে। তাদের প্রত্যক্ষ চাপেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে সাধারণ প্রকৌশলী ও কর্মকর্তাদের অভিযোগ।

প্রতিষ্ঠানের ভেতরে ক্ষোভ ও অসন্তোষ

সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে এপিএসসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, প্রতিষ্ঠানের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রচলিত নিয়মনীতি অনুসরণ করা যেমন অপরিহার্য, তেমনি কোনো অভিযোগ উত্থাপনের ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখা জরুরি। প্রতিষ্ঠানের অভ্যন্তরে এ ধরনের বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগের চর্চা অব্যাহত থাকলে কর্মপরিবেশ, পারস্পরিক আস্থা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিরপেক্ষ তদন্তের দাবি

এপিএসসিএলের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) ও প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি প্রক্রিয়া এবং ২৬ জন নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগপত্রের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে অভিযোগপত্রে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

তাঁদের দাবি, এইচআরএম বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভিস রুলস বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে শুরু করে অভিযোগপত্র দাখিলের পেছনের উদ্দেশ্য ও ভূমিকা- সবকিছুই যথাযথ তদন্তের আওতায় আনা উচিত। তদন্তে যাঁদের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে এপিএসসিলের ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সানাউল হককে মুঠোফোনে পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :