কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বললেন সংসদ সদস্য, এক্সপাঞ্জ করার পরামর্শ চিফ হুইপের

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:১২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:১৩:০৫ অপরাহ্ন
জাতীয় সংসদে কৃষকদের নিয়ে আপত্তিকর শব্দচয়ন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এই মন্তব্যের আপত্তি তোলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরবর্তীতে চিফ হুইপের যুক্তি ও জোরালো দাবি আমলে নিয়ে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ বা বাদ ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অনলাইনে আবেদন করে খাদ্য গুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনা চলছিল। ওই সময় ক্ষোভ প্রকাশ করে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল মন্তব্য করেন যে দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ। তার মতে, এ কারণে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং খাদ্য গুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের পক্ষে সহজ হয় না।

এমপির এমন বক্তব্যের পরপরই সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়ন নিয়ে কঠোর সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন যে সংসদ সদস্যদের ভাষার ব্যাপারে সবসময় খেয়াল রাখা উচিত। চিফ হুইপ যুক্তি দেখিয়ে বলেন, গ্রামের অনেক কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা নাও পেতে পারেন বা দাপ্তরিক কাগজপত্র বুঝতে তাদের কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু দেশের অধিকাংশ কৃষক কোনোভাবেই 'মূর্খ' নন। কৃষকদের অবদান তুলে ধরে তিনি ডেপুটি স্পিকারের কাছে সংসদীয় কার্যবিবরণী থেকে 'মূর্খ' শব্দটি দ্রুত বাদ দেওয়ার বিনীত অনুরোধ জানান।

চিফ হুইপের এই বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তার পর্যবেক্ষণে উল্লেখ করেন যে কৃষকদের ধান বিক্রির অনলাইন জটিলতা নিয়ে করা প্রশ্নটির সারমর্ম অত্যন্ত যুক্তিসঙ্গত হলেও ভাষার ব্যবহার আরও মার্জিত হওয়া উচিত। এরপর সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ও অপমানজনক 'মূর্খ' শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :