​তারেক রহমানকে ভাই সম্বোধন করে পাশে থাকার আশ্বাস এরদোয়ানের

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪১:৩৬ অপরাহ্ন
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জন্য নিজের ও তুরস্কের সামর্থ্যের সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন এরদোয়ান।

গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো এবং আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এ সংখ্যা তিন থেকে চারটি কিংবা কিছুটা বেশি হতে পারে। বহুপক্ষীয় সম্মেলনে আয়োজক দেশের প্রেসিডেন্টের এ ধরনের বৈঠক খুব একটা দেখা যায় না। এর মধ্যেই সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশ্বের রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিতে এ দ্বিপক্ষীয় বৈঠকের অগ্রাধিকার কতটা, তা বুঝতে হবে। অত্যন্ত আন্তরিক পরিবেশে এরদোয়ানের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

তারেক রহমান ও এরদোয়ানের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগের পাশাপাশি অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের জন্য অর্থায়নের বিষয়ে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়েও দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :