​স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৩:১৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৩:১৯:৫৪ অপরাহ্ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এ কারণে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা এবং স্টেন্ট স্থাপনের প্রস্তুতি নেন।

তার চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। তার নেতৃত্বেই স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে চিকিৎসকেরা স্টেন্ট বসানোর প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, চিকিৎসার জন্য দেশের হাসপাতালকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের সদস্যের ভাষ্য অনুযায়ী, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই সিদ্ধান্তের বিষয়টিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এনজিওগ্রাম সম্পন্ন করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথার কারণে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে রোববার বিকেল ৪টার দিকে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :