​আমার বিয়ে বৈধ ছিল না: জিনাত হাকিম

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:০১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:০১:৪১ অপরাহ্ন
১৯৯৩ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম। সম্প্রতি দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হন তারা। সেখানে নিজেদের বিয়ের স্মৃতিচারণা করেন এই তারকা জুটি।

অনুষ্ঠানে জিনাত হাকিম বলেন, "আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।" এ কথা বলার সময় স্টেজে তার পাশে থাকা আজিজুল হাকিম হেসে ওঠেন। জিনাত হাকিম আরও বলেন, "আজিজুল হাকিম ওই সময় নব্বই দশকের জনপ্রিয় তারকা। তখন একটি চমৎকার ঘটনা ঘটেছিল। তারা বরযাত্রায় আসার সময় কাবিনের দিন তার পেছনে একদল সাংবাদিক এসেছিলেন। কাউকে কিছু না বলেই এসেছিলেন। সেও (আজিজুল হাকিম) জানতেন না, ভেবেছিলেন তারা (সাংবাদিকরা) আমার গেস্ট, আর আমি ভেবেছিলাম তারা উনার গেস্ট।"

জিনাত হাকিম বলেন, "আমি কবুল বলার পর কাজী সাহেব যখন খাতা বাড়িয়ে স্বাক্ষর করতে বললেন, ওই সময় এক ফটোগ্রাফার বলেন, একটু থামুন। আমি ক্লিক করব। তখন কিছুটা নার্ভাস ছিলাম। কলম থামিয়ে ছবি তোলার জন্য পোজ দেই। তারপর বোধ হয় আর স্বাক্ষর করা হয়নি।"

এরপর এ ঘটনার বাকি অংশ জানান অভিনেতা আজিজুল হাকিম। তিনি বলেন, "স্বাক্ষর যেহেতু নেই, এ জন্য ওই অবস্থায় চলতে হয়েছে আমাদের। পরে অবশ্য এফিডেভিড করে নিয়েছি আমরা। কিন্তু আমার মেয়ে (নাযাহ হাকিম) এবং তার জামাই নাফিস ফুয়াদ এটা ভিন্নভাবে উপস্থাপন করে। কিছুদিন আগে আমার বিয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিয়ের রেজিস্ট্রেশনে আবার সাইনের আয়োজন করেছিল।"

প্রসঙ্গত, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। এর আগে আরণ্যক নাট্যদলে কাজ করেছেন। ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন। তারপর ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে যাত্রা করেন। তারপর বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ অলি চরিত্রে অভিনয় করেন।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘পদ্মা নদীর মাঝি’র মতো আলোচিত সিনেমায়ও দেখা গেছে তাকে। সম্প্রতি ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফির ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনার সৃষ্টি করেছেন আজিজুল হাকিম।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :