​চরবিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:২৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:২৮:৪০ অপরাহ্ন
মাত্র ১০ বছর আগে ‘চরবিজয়ের’ আবিষ্কার। জেলেদের ভাষায়, ‘হাইরেরচর’। কুয়াকাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পূব-দক্ষিণ দিকে সাগরবক্ষে এই চরটির অবস্থান। চারদিকে পানি থৈ থৈ করছে চরটি। লাখো লাল কাঁকড়া আর হাজার হাজার পাখির অবাধ বিচরণ এই চরে। আনুমানিক প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ আর আড়াই কিলোমিটার প্রস্থ চরটির। আগে বর্ষা মৌসুমে জোয়ারে ডুবে থাকত। কিন্তু এখন জেগে থাকে। শীতকালে চরটি সম্পূর্ণভাবে চলাচল উপযোগী হয়ে ওঠে। পানির প্লাবন থাকে না। এখন কিছু গুল্মজাতীয় লতাপাতা জন্মেছে। বাড়ছে ক্রমশ সবুজের আস্তরণ। পরিণত হচ্ছে সবুজের গালিচায়। বেড়ে উঠছে ঝাউ ও গোল গাছ। 

চরটিতে যখন সাধারণ জেলেরা থাকেন না, কিংবা পর্যটকের বিচরণ থাকে না; তখন পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়। লাল কাঁকড়ার মিছিলে বেলাভূমি লালচে রঙ ধারণ করে। কিন্তু জেলে ও পর্যটকের বাধাহীন বিচরণে পাখি কিংবা লাল কাঁকড়ার বিচরণ হয় অনেকটা বিপজ্জনক। চরটিতে এখন পর্যটক দর্শনার্থীর ফ্রি-স্টাইল বিচরণ রয়েছে। লাল কাঁকড়া ধাওয়া করা হয়। পাখিদের উত্যক্ত করা হয়। জেলেদের জাল দিয়ে চরের চারদিকে সুক্ষ্ম ফাঁসের জালের বাউন্ডারি ঘেরা দেওয়া হয়। এসব কারণে জালে আটকে মারা পড়ছে পাখি। এমনসব পরিবেশ-প্রতিবেশ বিনাশী কর্মকাণ্ড চলছে হারহামেশা। চরটির চারপাশে বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা শিকার চলে অবাধে। কোন নিয়ম কানুনের বালাই নেই। সব চলছে ফ্রি স্টাইলে। এসব দেখার যেন কেউ নেই। 

কলাপাড়া উপজেলা প্রশাসন, বনবিভাগ, মৎস্য বিভাগ সবাই যেন নির্বিকার। মাঝে মাঝে নৌ-পুলিশ নামকাওয়াস্তে রেণু পোনা শিকার বন্ধে অভিযান চালায়, তাও কালে-ভদ্রে। বাকি সময় সব থাকে অরক্ষিত।

জেলেদের ভাষ্য, এই চরটির খারিতে (গভীরে) বর্ষায় প্রচুর ইলিশ ধরা পড়ে। ধরা পড়ে অন্যান্য বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। তাই এখানে ট্রলার নিয়ে জাল পাতার জন্য রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকে। নিয়ন্ত্রকের স্বীকৃত আশির্বাদ থাকতে হয়। এজন্য বর্ষা মৌসুমে প্রভাবশালী ট্রলার মালিকরা বিগত এক যুগ ধরে নিয়ন্ত্রককে মোটা অংকের টাকা দিয়েছেন-এমন জনশ্রুতি রয়েছে। মাছের আধিক্য চরটির আলাদা, আরেক বৈচিত্র্য। তবে পায়রা বন্দরের ক্যাপিট্যাল ড্রেজিংয়ের (২০২১ সালে) পরে এখানটায় মাছের প্রাপ্যতা কমেছে। এনিয়ে জেলেদের নানান ধরনের অনুমান নির্ভর কথাবার্তা রয়েছে।

পরিবেশ সংগঠক কেএম বাচ্চুর অভিযোগ, চরটি যেহেতু পাখি এবং লাল কাঁকড়ার অভয়ারণ্য তাই নৌ-পরিবহনে পর্যটকের বিচরণ করতে বিধি আরোপ করা যেতে পারে। কিনারে বেলাভূমিতে উঠলেও নির্দিষ্ট দূরত্ব থেকে জীববৈচিত্র  দেখতে পর্যটক-দর্শনার্থীদের উদ্ধুদ্ধ করা প্রয়োজন। আর সূক্ষ্ম ফাঁসের জাল পাতা সম্পুর্নভাবে বন্ধ করতে হবে। লাল কাঁকড়া ধাওয়া করা, পাখিদের উত্যক্ত করা বন্ধ করতে হবে। নইলে এ চরটির মূল আকর্ষণ থাকবে না। এ ছাড়া চরটি আদৌ বনায়ন করার উপযোগী কী না তা নিয়ে গবেষণা করা প্রয়োজন।  কারণ সাগরের মধ্যে কিংবা নদীর পাশে যেসব চর এ পর্যন্ত জেগে উঠেছে, তার প্রত্যেকটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ম্যানগ্রোভ কিংবা ননম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি হয়েছে। সৃজন করা লাগেনি।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনির জানান, এ চরটিতে পাখি, লাল কাঁকড়াসহ পরিবেশ প্রতিবেশ রক্ষায় পরিবেশবাদীদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করতে হবে। ইকোট্যুরিজমের আওতায় এটির সঠিক বাস্তবায়ন করতে হবে। সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। 

কুয়াকাটা সী বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, এ চরটিতে পর্যটকদের অতি সাবধানে বিচরণ করতে হবে। কারণ পরিবেশ-প্রতিবেশ অতিথি পাখি, লাল কাঁকড়ার বিচরণ কোন কিছুর ক্ষতি করা যাবে না। বোটে সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিশ্চিতে ট্যুর গাইড কুয়াকাটাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাখি যেন মারা না যায় এ জন্য মাছ ধরার বেড়জাল বন্ধে নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশকে বলা হয়েছে। রাতে কেউ যাতে ওখানে অবস্থান করতে না পারে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। 

এ ছাড়া জেলেদেরও শঙ্কা ওই চরটি দিনের বেলা ছাড়া ভ্রমণ করা ঠিক না। কারণ নিরাপত্তার ঝুঁকি রয়েছে। ইতোপূর্বে ওখানটায় (দুই বছর আগে) জেলে ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে। এ কারণে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করে পর্যটকের বিচরণ করার অনুমতি দেয়া প্রয়োজন রয়েছে। 

এ চরটি ঘিরে কুয়াকাটা-গঙ্গামতির মতো পর্যটনকেন্দ্রীক সম্ভাবনা গড়ে উঠেছে। আর বেড়েছে সমুদ্রের মধ্যে বাংলাদেশের চর এলাকা। মোটকথা প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র রক্ষায় এখনই সরকারের উদ্যোগ নেয়া দরকার। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :