​জমি নিয়ে বিরোধ: বিষ প্রয়োগে পাঁচ লাখ টাকার মাছ নিধন

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৪৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৪৪:৪৫ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত মাছচাষি রবীন্দ্রনাথ হাওলাদার বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শেকৃপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন— উপজেলার শিবপুর গ্রামের মো. রফিক হাজী (৭০), মো. আইনুল ইসলাম (৬০) ও মো. মজনু হোসেন (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গার গ্রামের রবীন্দ্রনাথ হাওলাদারের খামারকান্দি মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৮৫ শতাংশ (সাড়ে পাঁচ বিঘা) আয়তনের একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি নিজেদের দাবি করে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালালেও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও সমাধান হয়নি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করেন। সেখানে প্রতিপক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে প্রশাসন রবীন্দ্রনাথকে মাছ চাষের অনুমতি দেন। এরপর বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে চার মাস আগে তিনি পুকুরে মাছের পোনা ছাড়েন।

অভিযোগে উল্লেখ করা হয়, রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জেরপূর্বক শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার চেষ্টা চালান। রবীন্দ্রনাথ এতে বাধা দিলে তাকে গালাগাল ও মারধরের হুমকি দেওয়া হয়। এ ঘটনার দিনই দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন পুকুর থেকে রুই ও কাতলাসহ বড় আকারের মাছগুলো ধরে নিয়ে যায় এবং অবশিষ্ট অংশে বিষ ঢেলে দেয়। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের ছোট মাছগুলোও মরে ভেসে ওঠে।

ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ হাওলাদার অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের অনুমতির পর আবারও মাছ চাষ করেছিলাম। চার মাসের পরিশ্রমে মাছগুলো বড় হয়েছিল। রাতের আঁধারে রুই ও কাতলাসহ বড় মাছগুলো তারা ধরে নিয়ে গেছে, আর পুকুরে বিষ ঢেলে দেওয়ায় সব ছোট মাছ মরে ভেসে উঠেছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :