​ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন সদস্য, সর্বকনিষ্ঠের বয়স ২৪

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:১৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:১৬:০৩ অপরাহ্ন
ইসরাইলের ২৬তম পার্লামেন্ট নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই নতুন। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ফিলিস্তিনের জেরুজালেমে এ শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও বেড়েছে। এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৩ জন নারী সদস্য। ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম পার্লামেন্টে এ সংখ্যা ছিল ২৯। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই আসছেন নতুন মুখ।

নেসেটের নতুন সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি বয়স লিকুদ পার্টির হাইম কাটজের। আগামী মাসে তার বয়স ৭৯ বছর পূর্ণ হবে। অন্যদিকে সবচেয়ে কম বয়সী সদস্য যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিয়াখাদ পার্টির ইয়োনাতান শালেভ। তার বয়স ২৪ বছর। এর মধ্য দিয়ে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন তিনি। ১৯৫৯ সাল থেকে অক্ষত থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙবেন শালেভ।

নেসেটে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা সদস্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৮৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর সব মিলিয়ে ৩৫ বছর পার্লামেন্ট সদস্য ছিলেন গণহত্যার দায়ে দণ্ডিত নেতানিয়াহু।

নতুন সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন বিয়াখাদ পার্টির নোয়াম তিবন। ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন নিজের ছেলে, হারেৎজ পত্রিকার সাংবাদিক আমির তিবন এবং তার পরিবারকে উদ্ধারে একাই অভিযানে নেমেছিলেন। সে সময় গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুতজে আটকা পড়েছিলেন তারা।

এ ছাড়া লিকুদ পার্টির এলিশা মাদানও নতুন সদস্য হিসেবে নেসেটে যোগ দিচ্ছেন। তিনি ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ সদস্য। ২০২৪ সালে গাজায় যুদ্ধ চলাকালে বিস্ফোরণে তার দুই পা হারায়।

ইসরায়েল বেইতেনু পার্টির নতুন সদস্য শ্যারন শারাবির পারিবারিক ঘটনাও আলোচনায় এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় তার ভাই ইয়োসি শারাবি অপহৃত হন। পরে বন্দিদশায় তার মৃত্যু হয়। তার আরেক ভাই এলি শারাবি প্রায় ৫০০ দিন গাজায় বন্দি ছিলেন। ওই সময় তার স্ত্রী ও দুই মেয়েকে বেরি কিবুতজে হত্যা করা হয়েছিল।

ইয়াশার পার্টির শিরা শাপিরোও নতুন সদস্যদের একজন। তিনি ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তা আনার শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় সড়কের পাশের একটি বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়ে একাধিক গ্রেনেড প্রতিহত করেছিলেন আনার। পরে তিনি নিহত হন।

নতুন সদস্যদের মধ্যে বিতর্কিত ব্যক্তিও রয়েছেন। তাদের একজন লিকুদ পার্টির জ্যাকব বারদুগো। দীর্ঘদিন ধরে তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ডানপন্থী বেতার উপস্থাপক এবং সরকারপন্থী চ্যানেল ১৪-এর ভাষ্যকার হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন সংসদ সদস্য তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছিলেন।

আরেক বিতর্কিত নতুন সদস্য উতজমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যান। তিনি দলটির প্রধান ইতামার বেন গভিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী। বসতি স্থাপনকারী তরুণদের উগ্রপন্থী গোষ্ঠী ‘হিলটপ ইয়ুথ’-এর সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অতীতেও তাকে নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একাধিকবার তদন্ত করেছে। এ ছাড়া পশ্চিম তীরে প্রবেশে বাধা দিতে ইসরাইলি সেনাবাহিনী তার বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞাও জারি করেছিল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :