ভোলার গ্যাস প্রকল্পে যুক্ত হতে চায় গ্যাজপ্রম

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:৩৯:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:১৭:১৫ অপরাহ্ন
ভোলার গ্যাস অনুসন্ধান ও অবকাঠামো উন্নয়নে নতুন করে সক্রিয় হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম। ভোলায় পাঁচটি গ্যাসকূপ খনন, ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ, ভোলা-বরিশাল গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং ক্ষুদ্র পরিসরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনা নির্মাণসহ কয়েকটি প্রকল্পে যুক্ত হতে চায় প্রতিষ্ঠানটি।

এসব বিষয়ে আগের দেওয়া প্রস্তাবগুলোর অগ্রগতি জানতে এবং নতুন প্রকল্পে কাজের সুযোগ খুঁজতে সরকারের সঙ্গে যোগাযোগ করছে তারা।

গতকাল সোমবার সকাল ১১টার দিকে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. মনজুর আলম প্রধানের সঙ্গে গ্যাজপ্রমের প্রতিনিধিদলের বৈঠক হয়। জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাজপ্রম তাদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছে। তবে এখনই কোনো সিদ্ধান্ত জানায়নি জ্বালানি বিভাগ।

২০২৩ সাল থেকে কয়েক ধাপে এসব প্রস্তাব দেয় গ্যাজপ্রম। গত ১১ মে ঢাকায় রাশিয়ার দূতাবাস থেকে পাঠানো এক নোট ভারবালে গত ৩০ মার্চ রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিনের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের এবং ২ মে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করা হয়। এতে গ্যাজপ্রমের প্রস্তাব এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়। পরে ২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবগুলো জ্বালানি বিভাগে পাঠায়।

২০২৩ সালের অক্টোবরে ভোলায় দৈনিক সর্বোচ্চ এক কোটি ১৭ লাখ ঘনফুট গ্যাস প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন একটি পরীক্ষামূলক ক্ষুদ্র এলএনজি স্থাপনা নির্মাণের আগ্রহ জানায় গ্যাজপ্রম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভোলা, চরফ্যাশন, হাতিয়া ও আশপাশের প্রায় এক হাজার ৯৩০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের প্রস্তাব দেয়। প্রতিষ্ঠানটির দাবি, এ জরিপের মাধ্যমে প্রায় ৩০টি সম্ভাবনাময় কূপ খননস্থান চিহ্নিত করা সম্ভব হবে। একই বছরের এপ্রিলে ভোলা থেকে বরিশাল পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের প্রস্তাব দেয় তারা। এ জন্য ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি), অর্থায়ন-সংযুক্ত চুক্তি এবং বিল্ড-অপারেট-ট্রান্সফার (বিওটি) পদ্ধতির কথা জানায় প্রতিষ্ঠানটি।

প্রকল্পটি নিয়ে পেট্রোবাংলা ও গ্যাস ট্রান্সমিশন কম্পানির (জিটিসিএল) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাবও ছিল।

এদিকে ২০২৫ সালের মার্চে ভোলায় শাহবাজপুর নর্থ ইস্ট-১, ভোলা নর্থ-৩, ভোলা নর্থ-৪, শাহবাজপুর-৫ ও শাহবাজপুর-৭—এই পাঁচটি কূপ খননের প্রস্তাব দেয় গ্যাজপ্রম। তবে সরকার উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিসেস করপোরেশন কাজটি পায়। ২০২৫ সালের ডিসেম্বরে ৯০৭ কোটি ২৯ লাখ টাকার চুক্তি অনুমোদন করা হয়। চলতি বছরের জানুয়ারিতে কার্যাদেশ দেওয়া হয়। ফলে পাঁচটি কূপ খননের কাজ গ্যাজপ্রমের পাওয়ার সুযোগ আর নেই।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধান আইন, ২০১০-এর আওতায় প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এসব প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় ছিল। তবে জুলাই গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করায় আগের প্রক্রিয়ায় কাজ দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।

গ্যাজপ্রমের দাবি, ভোলার বিদ্যমান ৯টি কূপ থেকে দৈনিক প্রায় ২০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব। নতুন ভূকম্পন জরিপের মাধ্যমে আরো গ্যাস অনুসন্ধানের সম্ভাবনাময় স্থান চিহ্নিত করা যাবে। তবে জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত পাঁচটি কূপের কাজ এরই মধ্যে অন্য প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রকল্পে গ্যাজপ্রমকে কিভাবে যুক্ত করা যায়, তা প্রস্তাব পর্যালোচনার পর বিবেচনা করা হবে।

বাংলাদেশের গ্যাস খাতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছে গ্যাজপ্রম। প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি ও সিলেট গ্যাস ফিল্ডসের সঙ্গে চুক্তির আওতায় বাংলাদেশে প্রায় ২০টি মূল্যায়ন, অনুসন্ধান ও উৎপাদন কূপের নকশা ও নির্মাণকাজ করেছে তারা। এ ছাড়া ২০২০ সালে ভোলার বিদ্যমান গ্যাসক্ষেত্র ও নতুন অনুসন্ধানের সম্ভাবনা যাচাইয়ে বাপেক্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে প্রতিষ্ঠানটি। সূত্র: কালের কন্ঠ

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :