পঞ্চগড়ে ১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১২:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১২:০০:১০ অপরাহ্ন
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ফের কমেছে। সেই সঙ্গে বেড়েছে কুয়াশাও।

ফলে শীত অনুভূত হচ্ছে বেশি। রবিবার সকাল ৬টায় ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি আরো তীব্র হয়। ফলে রাতে কম্বল ব্যবহার এবং সকালে বাইরে বের হতে গরম কাপড় পরতে হচ্ছে।

এদিকে রাত ও ভোরে ঠাণ্ড বাতাসের কারণে দুর্ভোগে পড়ছেন রিকশাচালক ও মোটরসাইকেলের আরোহীরা।

তারা জানান, রাত ও সকালে গাড়ি চালানোর সময় ঠাণ্ডা বাতাসে বেশ কষ্ট হচ্ছে। তাই কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় জ্যাকেটসহ গরম পোশাক ব্যবহার করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রবিবার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :