যাচ্ছে ১,৪৫০ পর্যটক

দ্বিতীয় দিনে সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী তিন জাহাজ

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০১:৫৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০১:৫৮:০৬ অপরাহ্ন
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের দ্বিতীয় দিনেও পর্যটকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রথম দিনের ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) সকালেও ১ হাজার ৪৫০ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে তিনটি পর্যটকবাহী জাহাজ।

সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামের তিনটি জাহাজ যাত্রা শুরু করে। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও অপেক্ষার পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় পর্যটকদের মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, হোটেল-রিসোর্ট মালিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। পর্যটক আগমনের মধ্য দিয়ে দ্বীপের স্থবির হয়ে পড়া পর্যটন অর্থনীতি আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ১০ মাস পর বৃহস্পতিবার প্রথম দিনে পর্যটকরা সেন্টমার্টিন পৌঁছালে স্থানীয় জনগণ তাঁদের ফুল ও মিষ্টি দিয়ে উষ্ণ বরণ করে নেন।

শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, দীর্ঘদিন পর সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পেয়ে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। আজ তিনটি জাহাজেই যাত্রীদের উপস্থিতি ও ভ্রমণের আগ্রহের চিত্র ছিল বেশ উৎসাহব্যঞ্জক।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :