​মার্কিন সিনেটে আবারও জয়ী চাঁদপুরের মাসুদুর রহমান

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:২৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:২৩:৩০ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমডি মাসুদুর রহমান। কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করেন। স্থানীয় সংবাদমাধ্যম ‘সিটি ইনসাইডার’-এর প্রাথমিক ফলাফলে তার এই জয়ের খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন মাসুদুর রহমান। পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন। এবারের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখে নিজের আসনটি ধরে রাখলেন তিনি।

মাসুদুর রহমানের বিজয়ের খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তার পৈতৃক ভিটা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জে। তিনি উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির প্রয়াত নুরুল হক পাটওয়ারীর সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়।

গ্রামের মাটিতেই কেটেছে মাসুদুর রহমানের শৈশব ও কৈশোর। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং কুমিল্লা কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।

যুক্তরাষ্ট্রের আইনসভায় মাসুদুর রহমানের এই ধারাবাহিক সাফল্য প্রবাসীদের পাশাপাশি তাঁর জন্মভূমি বাংলাদেশের মুখও উজ্জ্বল করেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :