হার মেনে নিয়ে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০২:০২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৩:০৬:৫২ অপরাহ্ন
ভোটাররা ‘বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের পছন্দ করেনি’, তবে নিজ দলের বড় ধরনের পরাজয়ের জন্য তিনি কাউকে দোষারোপ করতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এক কথা বলেন।

ট্রাম্প পলিটিকোকে বলেন, ‘আমি ব্যালটে থাকলে আমরা জিতে যেতাম। আমরা খুব সহজেই সবকিছু জিতে যেতাম।’

গত মাসে রিপাবলিকানদের পক্ষে প্রচারের জন্য দেশজুড়ে চক্কর দেওয়ার সময় ট্রাম্প বারবার জনতাকে ব্যালটে তিনি আছেন বলে ধরে নিতে বলেছিলেন। তবে নির্বাচনে ভোটাররা ট্রাম্প ও রিপাবলিকানদের কঠোরভাবে প্রত্যাখ্যান করে, কারণ সিএনএনের পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয়েরই নিয়ন্ত্রণ নিতে চলেছে।

ট্রাম্প বলেন, ‘তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের পছন্দ করেনি। কেবল এই ধরনের একটি বিষয়।’

কোন প্রার্থীরা যথেষ্ট শক্তিশালী ছিলেন না সে বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না। আমি শুধু বলতে চাই যে, জানেন তো, এটি একটি খুব আকর্ষণীয় সময় ছিল। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেছি, তা থেকে শিখেছি।’

এর মাত্র কয়েক ঘণ্টা আগে অবশ্য একজন হোয়াইট হাউসের কর্মকর্তা নির্দিষ্ট কিছু প্রার্থীকে দোষারোপ করে সিএনএনকে জানিয়েছিলেন, ‘প্রার্থীর মান গুরুত্বপূর্ণ।’

ঐ কর্মকর্তা বলেন, ‘প্রার্থীরা নিজেদের পক্ষে যতটা না প্রচার করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যালটে থাকা অনেক প্রার্থীর পক্ষে তার চেয়ে ভালো প্রচার করেছিলেন।’

এর পরপরই প্রেসিডেন্ট নিজে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে দোষারোপ করে বলেন, তিনি যদি ‘তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে রাইনো (রিপাবলিকান ইন নেম অনলি) না হয়ে উঠতেন, তবে তিনি হেরে যেতেন না।’

নির্বাচনী ফলাফল যা-ই হোক না কেন, ট্রাম্প বলেছেন যে হাউস স্পিকার মাইক জনসন নেতৃত্বে একটি ‘ভালো কাজ’ করেছেন।

রিপাবলিকানদের জন্য জনসনের এখনও নেতা থাকা উচিত কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। তবে তিনি একজন ভালো ব্যক্তি এবং একজন ভালো মানুষ।’

সূত্র: সিএনএন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :