সিনেটের পর প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের জয়

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০১:২৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০২:০২:৩২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির কাছে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

এনবিসি নিউজের নির্বাচনী ফলাফলের হিসাবে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত ২২১টি এবং রিপাবলিকানরা ১২৮টি আসনে জয় পেয়েছেন। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮টি আসন। ফলে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে ডেমোক্র্যাটদের।

একই পূর্বাভাসে প্রতিনিধি পরিষদের সম্ভাব্য চূড়ান্ত ফলাফলে ডেমোক্র্যাটদের ২৫৫টি এবং রিপাবলিকানদের ১৮০টি আসন দেখানো হয়েছে। তবে সব আসনের ভোট গণনা শেষ না হওয়ায় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, সিনেটের হিসাবেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। ১০০ সদস্যের উচ্চকক্ষে দলটির আসনসংখ্যা ৫৩টি এবং রিপাবলিকানদের ৪১টি দেখানো হয়েছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৫১টি আসন। ফলে এই হিসাব অনুযায়ী উচ্চকক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর ফলে আগামী দুই বছরে প্রশাসনের বিভিন্ন নীতি বাস্তবায়ন, সরকারি ব্যয় অনুমোদন এবং গুরুত্বপূর্ণ আইন পাসের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে।

বিশেষ করে অভিবাসননীতি, শুল্ক আরোপ, অর্থনৈতিক পরিস্থিতি ও ইরান যুদ্ধ পরিচালনার মতো বিষয়ে প্রশাসনকে কংগ্রেসের কঠোর নজরদারির মুখোমুখি হতে হতে পারে। পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের ক্ষমতাও বাড়বে ডেমোক্র্যাটদের।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :