​ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১১:৪০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১১:৪০:১২ পূর্বাহ্ন
টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।

সোমবার (২ নভেম্বর) দিনভর জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র রাতের আঁধারে ট্রান্সফরমার খুলে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। বারবার এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলার কচুয়া গ্রামের কামরুজ্জামান জানান, ঘটনার দিন সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় এলাকার অনেক পরিবারকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়েছে।

এ ব্যাপারে সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি ট্রান্সফরমার ও বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এসব চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে সম্মানজনক পুরস্কার দেয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :