​তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বহাল রাখার সম্ভাবনা ওপেক প্লাসের

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৪:১৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৪:১৭:৩৩ অপরাহ্ন
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্যরা আগামী ডিসেম্বরের জন্য তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখতে পারে। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিষয়টি সম্পর্কে জানেন, এমন তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, আগামী বছর পর্যন্ত তেল উৎপাদনের নীতিতে আর কোনো পরিবর্তন আনার সম্ভাবনা কম।

ওপেক প্লাসের সাতটি প্রধান সদস্য দেশের মধ্যে অনলাইনে এ বৈঠক হবে। দেশগুলো হলো সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান ও ওমান।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে কয়েক মাস ধরে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি ব্যাহত হয়েছে। এখন এসব দেশ আবার রপ্তানি বাড়াচ্ছে। তবে বেশির ভাগ দেশ এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম তেল উৎপাদন করছে।

ওই তিন ব্যক্তি নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তারা জানিয়েছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ওপেক প্লাসের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়াসহ এর সহযোগী দেশগুলো। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও ওপেক ও রাশিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

গত সেপ্টেম্বরে ওপেক প্লাস দৈনিক ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ধাপে ধাপে প্রত্যাহারের কাজ শেষ করে। ২০২৩ সালে প্রথম এই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে তেল উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে উপসাগরীয় দেশগুলো নির্ধারিত সীমার চেয়ে কম তেল উৎপাদন করছে।

রয়টার্স গত জুলাইয়ে জানিয়েছিল, চলতি বছরের শেষ তিন মাসে ওপেক প্লাসের তেল উৎপাদনের লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। এর পরিবর্তে জোটটি ২০২৭ সালের উৎপাদন কোটা নিয়ে আলোচনায় মনোযোগ দিচ্ছে। ২০২৬ সালের শেষ পর্যন্ত ওপেক প্লাসের বেশির ভাগ সদস্যের জন্য দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর আরো একটি সিদ্ধান্ত কার্যকর রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৭ সালের জন্য উৎপাদনের নতুন ভিত্তিমাত্রা নির্ধারণের আগে সদস্যদেশগুলোর তেল উৎপাদনের সক্ষমতা পর্যালোচনার কাজ শেষ করতে হবে ওপেক প্লাসকে। এই ভিত্তিমাত্রার ওপর নির্ভর করবে ভবিষ্যতে প্রতিটি দেশের তেল উৎপাদনের কোটা। পাশাপাশি, উৎপাদন কমানোর সিদ্ধান্তগুলো কিভাবে ধাপে ধাপে তুলে নেওয়া হবে, সেই পরিকল্পনাও এর মাধ্যমে নির্ধারিত হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :