পঞ্চমবারের মতো খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০১:২৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০১:২৯:৪২ অপরাহ্ন
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও দুটি দানবাক্সগুলো পঞ্চমবারের মতো খোলা হয়েছে। প্রায় ৩৫ দিন পর শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাক্সগুলো খোলা হয়।

পরে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ শুরু হয়।

সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি ও উপস্থিত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল।

এর আগে দীর্ঘদিনের প্রথা ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়।

১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর চার দফায় দানবাক্স ও ডেগ খুলে মোট ২ কোটি ২৯ লাখ টাকারও বেশি নগদ অর্থ পাওয়া যায়। এবার পূজার লম্বা ছুটিতে মাজারে দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতির কারণে আগের চেয়ে রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়ার আশা সংশ্লিষ্টদের।

গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়মিত গণনা করা হবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সিদ্ধান্ত অনুযায়ী, দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :