হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৫:১৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৬:২০:১৪ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জনের। সেই হামজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৪ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন।

এছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২১৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৬ জন, চট্টগ্রামে ২৫১, সিলেটে ১১৮, বরিশালে ১২৫, খুলনায় ৯৭, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ৩৩ ও রংপুরে ২৫ জন।

বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাড়াল ২ লাখ ১৫ হাজার ৭৬৮। যার মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :