কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব, রাশমিকা নাকি বিজয়?

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:১৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:১৭:০৩ অপরাহ্ন
বিয়ের প্রস্তাব কে দিয়েছিলেন, বিজয় দেবরাকোন্ডা, নাকি রাশমিকা মান্দানা? বিয়ের পর এবার সেই গল্পই শোনালেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় এই তারকা জুটি। রাশমিকার দাবি, এক-দুবার নয়, টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন তিনি। অন্যদিকে বিজয়ের ভাষ্য, রাশমিকা তাঁকে অন্তত ১০০ বার একই কথা বলেছেন। তাঁদের মজার এই স্বীকারোক্তি ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে বিয়ের পর প্রথমবার জুটি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। তাঁদের কথোপকথনের এই অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘তুমি তো আমাকে ১০০ বার বলেছ’

প্রচারণামূলক ভিডিওতে করণ জোহর জানতে চান, তাঁদের মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো ঘটনা ঘটেছিল কি না। রাশমিকা মাথা নেড়ে জানান, প্রচলিত অর্থে তেমন কোনো প্রস্তাবের ঘটনা ঘটেনি।

এরপর বিজয় বলেন, রাশমিকা তাঁকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি।’ উত্তরে তিনি বলেছিলেন, ‘ঠিক আছে, তুমি তো আমাকে ১০০ বার এই কথা বলেছ।’

কথাটি শুনে করণ রাশমিকার কাছে জানতে চান, তিনি সত্যিই এতবার বিয়ের কথা তুলেছিলেন কি না। জবাবে রাশমিকা বলেন, ‘আমি পুরো এক বছর ধরে ওকে বিয়ের কথা বলেছি।’ এরপর বিজয় মজা করে বলেন, ‘আমি এতটাও খারাপ মানুষ নই।’

পর্দার প্রেম থেকে বাস্তবের সংসার

বিজয় ও রাশমিকার প্রেমের গল্পের শুরু ২০১৮ সালে তেলেগু ছবি ‘গীতা গোবিন্দম’ দিয়ে। ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এই দুই ছবিতে অভিনয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলেননি তাঁরা।

বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এবং পরোক্ষ মন্তব্য ঘিরে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। তাঁদের সম্পর্কের সম্ভাব্য নামও তৈরি হয় ‘ভিরোশ’। বিজয় ও রাশমিকার নাম মিলিয়েই এই নাম দেওয়া হয়। শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা এবং বিয়ের ঘোষণা দেন।

২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। সকালে তেলেগু রীতিতে বিয়ের আয়োজন করা হয়। পরে রাশমিকার পরিবারের ঐতিহ্য অনুসারে কোডাভা রীতিতেও অনুষ্ঠান হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর প্রথমবার ‘কফি উইথ করণ’-এ

করণ জোহরের অনুষ্ঠানটির নবম মৌসুমের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে হাজির হওয়ার কথা বিজয় ও রাশমিকার। এর আগে প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান। রাশমিকার জন্য ‘কফি উইথ করণ’-এ এটিই প্রথম উপস্থিতি। তবে বিজয় এর আগে সপ্তম মৌসুমে তাঁর ‘লাইগার’ ছবির সহশিল্পী অনন্যা পান্ডের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন। নবম মৌসুমটিই অনুষ্ঠানটির শেষ মৌসুম বলে ঘোষণা দিয়েছেন করণ জোহর।

নতুন পর্বের প্রচারণায় বিয়ের গল্পের পাশাপাশি তারকাদের খুনসুটিও দেখা গেছে। দ্রুত প্রশ্নোত্তর পর্বে রাশমিকাকে তাঁর ‘পুষ্পা’ ছবির সহশিল্পী আল্লু অর্জুন ও ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলেন করণ। রাশমিকা বেছে নেন আল্লু অর্জুনকে।

এরপর বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় তাঁর রসায়ন ভালো। বিজয় উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কেউ না।’ তখন বিজয় জবাব দেন, ‘বিয়ের প্রথম নিয়ম, স্ত্রীর কথায় সম্মতি জানাও।’ তাঁর এই কথায় হেসে ওঠেন রাশমিকা।

পর্দায় আবার একসঙ্গে বিজয়-রাশমিকা

বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও একসঙ্গে ফিরেছেন এই জুটি। তাঁদের নতুন ছবি ‘রানাবালি’ মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবিটির পটভূমি ঊনবিংশ শতকের দক্ষিণ ভারত। এতে বিজয় অভিনয় করেছেন নামভূমিকায়, আর রাশমিকা অভিনয় করেছেন তাঁর স্ত্রীর চরিত্রে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :