​পর্যটন-আতিথেয়তা খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৭:৫৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৭:৫৫:০৬ অপরাহ্ন
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সভায় মন্ত্রী বলেন, প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্যে বাংলাদেশ পর্যটনের সম্ভাবনাময় দেশ। সুন্দরবন, কক্সবাজার সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে সরকার প্রস্তুত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করতে চায় সরকার।

জাপানি প্রতিনিধিরা জানান, বাংলাদেশে বিনিয়োগে তারা আন্তরিক এবং দেশের পর্যটন খাতে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। এ সময় পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তারা।

বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি জাপানি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দ্রুত উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :