শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:৩৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:৩৩:৫০ পূর্বাহ্ন
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। শুক্রবার (১৬ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরি আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এর মধ্যে শনিবার সকাল পৌনে ৮টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত মোট ২ ঘণ্টা রাজশাহীর হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ১ ঘণ্টা রাজশাহীর পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়াও শনিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাজশাহীর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিএন্ডবির মোড়, সার্কিট হাউজ, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়াটার এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।


বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :