​বাবার ৯১তম জন্মদিনে সালমানের আবেগঘন বার্তা

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১২:১৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:১৩:৪০ অপরাহ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান তাঁর বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের ৯১তম জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তাঁকে ‘আসল মনস্টার’ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের বিশেষ একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

ছবিতে কাউবয় টুপি ও একই ধরনের পোশাকে দেখা গেছে সালমান খান ও সেলিম খানকে। ছবির সঙ্গে দেওয়া বার্তায় সালমান লেখেন, ‘বাপ তো বাপই হয়।’ পাশাপাশি পৃথিবীর সব বাবার শক্তি ও অবদানের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

সালমানের পোস্টে উঠে এসেছে বয়স বাড়ার সঙ্গে সময় ফুরিয়ে আসার উপলব্ধিও। বাবার ৯১ বছর বয়সেও তাঁর ব্যক্তিত্ব ও শক্তির প্রশংসা করে অভিনেতা লেখেন, তিনি এখনো অনন্য। তাঁর ভাষায়, বাবাদের মধ্যে এমন এক অদম্য শক্তি রয়েছে, যা তাঁদের আলাদা মর্যাদা দেয়। পোস্টের শেষাংশে সবার বাবার প্রতি সৃষ্টিকর্তার দয়া কামনা করেন তিনি।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেলিম খানের অবদান উল্লেখযোগ্য। চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে ‘সেলিম-জাভেদ’ জুটি গড়ে সত্তরের দশকে তাঁরা উপহার দেন ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘শোলে’র মতো জনপ্রিয় চলচ্চিত্র। এসব সিনেমা হিন্দি চলচ্চিত্রের গল্প বলার ধরন ও জনপ্রিয় ধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।

আশির দশকের শুরুর দিকে সেলিম-জাভেদ জুটির পথচলা শেষ হয়। এরপর দুজন আলাদাভাবে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেন। সেলিম খান চিত্রনাট্যকার হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের বাবা হিসেবেও সুপরিচিত।

এদিকে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের ভবিষ্যৎ পরিবার ও সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানান তিনি। আবেগ ভাগ করে নেওয়ার মতো একজন জীবনসঙ্গীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালমান বলেন, ভবিষ্যতের কোনো এক সময়ে তিনিও সন্তান নিতে চান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :