​নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:২৭:১৬ অপরাহ্ন
নেত্রকোণা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেখানে থাকা দুটি মোটরসাইকেল ও নথিপত্র পুড়ে গেছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংক শাখার নৈশপ্রহরী আইন উদ্দীন সাংবাদিকদের বলেন, ভোরে নামাজ পড়ার সময় বোমার বিস্ফোরণের মত শব্দ শুনতে পান তিনি। পরে এসে দেখেন, কার্যালয়ে একটি কক্ষে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

শাখাটির ক্ষুদ্র ঋণ প্রবাহ কর্মকর্তা রঞ্জন কুমার কুণ্ডু বলেন, ভোররাতে নৈশপ্রহরী অগ্নিকাণ্ডের খবর দিলে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যাংক শাখাটি পরিদর্শন করেন।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :